avertisements 2

প্রশাসনে বড় রদবদল

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ নভেম্বর,সোমবার,২০২৬ | আপডেট: ০২:২৯ পিএম, ১৬ নভেম্বর,সোমবার,২০২৬

Text

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরও (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এর ঠিক আগেই জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদেও পরিবর্তন এনেছে সরকার।

বদলি হওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন—টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। আদেশপত্র অনুযায়ী, জনস্বার্থে জারি করা এই নির্দেশনার আওতায় তিন কর্মকর্তাকেই কিশোরগঞ্জ জেলা পুলিশে সংযুক্ত বা বদলি করা হয়েছে।

এদিকে, একই দিনে গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদেও রদবদল এনে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত এবং রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে, গোপালগঞ্জের বর্তমান পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে বদলি করে ফেনী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনের শীর্ষ পদগুলোতে (ডিসি ও এসপি) পরিবর্তনের পরপরই গুরুত্বপূর্ণ তিনটি থানার ওসিকে অন্য জেলায় বদলি করার ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতেই সরকারের পক্ষ থেকে এই ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2