avertisements 2

সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ নভেম্বর,শুক্রবার,২০২৬ | আপডেট: ০২:১৩ এএম, ৭ নভেম্বর,শনিবার,২০২৬

Text

সিলেটের কোম্পানীগঞ্জে একটি অনুষ্ঠান শেষে অপর অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। পরে সফর বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কা মুক্ত হলেও ওই হাসপাতালে চিকিৎসাধীন।

মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে আরিফুল হক চৌধুরীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে দায়িত্ব পালন করা বর্তমানে অস্ট্রেলিয়াপ্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি নিয়ে টানা কাজ করছেন মন্ত্রী। পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসনেও ব্যস্ত সময় পার করছেন তিনি।

শাহাব উদ্দিন শিহাব আরও জানান, ঢাকায় থাকতেই মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। তারপরও পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পারিবারিক সূত্রে তিনি জানতে পেরেছেন, বর্তমানে মন্ত্রী অনেকটা সুস্থ বোধ করছেন।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2