avertisements 2

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে এক দিনে গেলেন  রেকর্ড ১৫০০ অভিবাসী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ নভেম্বর,রবিবার,২০২৬ | আপডেট: ০৩:৩৯ এএম, ১৬ নভেম্বর,সোমবার,২০২৬

Text

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একদিনে রেকর্ড প্রায় দেড় হাজার অভিবাসী পৌঁছেছেন। ২০২০ সালের পর থেকে স্পেনের ওই দ্বীপে এটিই একদিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী পৌঁছানোর রেকর্ড। রোববার সামুদ্রিক উদ্ধারকারী একটি সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফইর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, স্পেনের কোস্টগার্ডের সহায়তায় মোট ১ হাজার ৪৮৮ জন অভিবাসীকে ১৪টি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। গত অক্টোবর থেকে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের এই দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল তীব্র আকার ধারণ করেছে।

সামুদ্রিক উদ্ধারকারী সেবা সংস্থা বলছে, এর আগের এক দিনে সর্বোচ্চসংখ্যক অভিবাসী উদ্ধারের রেকর্ড হয়েছিল ২০২০ সালের ৭ নভেম্বর। ওই দিন ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে ১ হাজার ৪৬১ জনকে উদ্ধার করা হয়।

চলতি বছরের এই সময়ে গত বছরের একই সময়ের তুলনায় অভিবাসীদের পৌঁছানোর হার কিছুটা কম হলেও গত মাসে আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ক্যানারি দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলে; বিশেষ করে ছোট ও কম জনবহুল দ্বীপগুলোর অভ্যর্থনা কেন্দ্র এবং জরুরি সেবা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

কর্তৃপক্ষ বলেছে, শনিবারের একটি নৌকায় ১২ জন নারী ও ৩৬ শিশুসহ মোট ২৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধার হওয়া এসব অভিবাসীকে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে যাওয়া হয়। এই অভিবাসীদের বেশিরভাগই আফ্রিকার দেশ সেনেগাল, গাম্বিয়া এবং গিনি কোনাক্রির নাগরিক।

এল হিয়েরোতে মোট ১২টি নৌকা পৌঁছানোর পাশাপাশি গ্রান ক্যানারিয়ায় একটি এবং টেনেরিফে আরও একটি নৌকা ভিড়েছে। অভিবাসীদের এই হঠাৎ উপচে পড়া ভিড় নিয়ে আলোচনা করতে স্পেনের আঞ্চলিক নীতিবিষয়ক মন্ত্রী আনহেল ভিক্টর তোরেসের রোববার এল হিয়েরো দ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে।

পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়া আটলান্টিক রুট বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ। প্রতিকূল সমুদ্র, তীব্র স্রোত এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্প্যানিশ ভূখণ্ডে পৌঁছানোর আশায় প্রতিবছর হাজার হাজার মানুষ অতিরিক্ত বোঝাই নৌকায় এই ঝুঁকিপূর্ণ যাত্রা করেন।

সাধারণত শরৎকালে এই রুটের সমুদ্রের আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত ও অনুকূল থাকে; যে কারণে এই সময়ে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। স্পেনের সরকারি হিসাব অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের পৌঁছানোর হার গত বছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ কম ছিল।

সূত্র: রয়টার্স।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2