প্রতিমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন মারিয়া এলিন
সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সঙ্গে ছবি জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্র হননের ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মান হানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী তরুণী রাহেমীন মারিয়া এলিন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী তরুণী রাহেমীন মারিয়া এলিন। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়। সে বর্তমানে পঞ্চগড় জেলা সদরের একটি ভাড়া বাড়িতে তার খালাসহ অবস্থান করে পড়াশোনা করছেন।
সংবাদ সম্মেলনে মারিয়া এলিন বলেন, 'সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে আমার ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে। ছবিটি পুরোটাই নকল করা। এর আগে আমার একটি প্রোগ্রামের জন্য প্রতিমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ করে কথা বলেছিলাম। তখন একটি ছবি তুলেছিলাম। সে ছবিটাই এডিট করে প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এআই দিয়ে যুক্ত করাসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে ভিডিও এবং ছবিটি। এটা যারা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।'
ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, 'বিভিন্ন ভুয়া আইডিতে, মাল্টিমিডিয়ায় ও পেইজে ছবি ছাড়ারকারণে আমি পরিবার ও সমাজের কাছে মুখ দেখাতে পারছি না। সামাজিক ও মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত। কলেজ এবং বাড়িতেও যেতে পারছি না। আমার বাবা-মা মারা যাওয়ায় অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে এ অবস্থানে এসেছি। আমি মকবুলার রহমান সরকারি কলেজে বিএসএস ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। ভিডিও প্রকাশ করার কারণে আমি এখন কলেজেও যেতে পারছিনা। বাসার বাহিরেও বের হতে পারছি না। যে বাসায় ভাড়া থাকি সেখানেও থাকা কঠিন হয়ে পড়েছে। একজন নারী হয়ে এ পরিস্থিতিতে আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।'
সংবাদ সম্মেলনে এলিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার মানহানি করা হচ্ছে এবং তাকে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার সম্মানহানির বিচার দাবি করেন।





