avertisements 2

১০ টাকা মুখে ছুড়ে দিয়ে বলে বাস থেকে গাবতলীতে নেমে যাবি

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচল পরিবহনের ৮ বাস আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ নভেম্বর,শনিবার,২০২৬ | আপডেট: ০৩:৫৮ এএম, ২২ নভেম্বর,রবিবার,২০২৬

Text

ছবি: সংগৃহীত

বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহনটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীও।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর ইডেন মহিলা কলেজের সামনে নীলাচল পরিবহনের বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এবং গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করার দাবি জানান।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহনের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তার সঙ্গে অশোভন আচরণ করেন।

ঘটনার বর্ণনা দিয়ে ফাল্গুনী জানান, বাসে ওঠার আগে ওই বাসকর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে বাসের ভেতরে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখান এবং নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দেন। তবে বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।

এ নিয়ে আপত্তি জানালে ওই বাসকর্মী দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ করেন বৃষ্টি। তিনি বলেন, ‘আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি। তখন তিনি আমার দিকে ১০ টাকা মুখে ছুড়ে দিয়ে বলেন, “বাস থেকে গাবতলীতে নেমে যাবি”। আমি জানতে চাই, সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন? তখন তিনি বলেন, “তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।”’

ফাল্গুনীর অভিযোগ, ওই বাসকর্মী বাসে থাকা অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। এ সময় বাসের কয়েকজন যাত্রী প্রতিবাদ জানালে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করলেও তারা কিছু করতে পারেননি বলে হুমকিসূচক মন্তব্য করেন।

ক্ষোভ প্রকাশ করে বৃষ্টি বলেন, ‘আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ নির্ধারিত হাফ ভাড়া দেওয়ার পরও আমার সঙ্গে এমন অপমানজনক আচরণ করা হয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2