avertisements 2

সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ নভেম্বর, বুধবার,২০২৬ | আপডেট: ০৪:৩০ এএম, ১৯ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৬

Text

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী অপশক্তি আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে সংসদ নেতা বলেন, বেপরোয়া সন্ত্রাস চালিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী।

প্রধানমন্ত্রী বলেন, দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। তিনি প্রবাদ উল্লেখ করে বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—সুযোগ পেলেই এই দলটির চরিত্র যে কখনোই ঠিক হবে না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ওই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশ দিয়েছেন গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করতে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি।

ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো একমঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশকে আর কখনোই কোনো তাবেদারের হাতে সঁপে দেওয়া হবে না উল্লেখ করে সংসদ নেতা দৃঢ়তার সঙ্গে বলেন, যাদের হাতে গোলামীর জিঞ্জির, সেই তাবেদারি শক্তিকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না; মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
 

চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে তিনি অধিবেশনের সমাপনী বক্তব্য শেষ করেন।

এর আগে জাতীয় সংসদে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় বিনামূল্যে প্রায় ১০ হাজার মানুষকে আমরা মালয়েশিয়া পাঠাতে সক্ষম হব ইনশাআল্লাহ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2