ফ্যাসিবাদ ও মৌলবাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রী
দেশে একদিকে যেমন ফ্যাসিবাদ সার্বভৌমত্ব হরণের চেষ্টা করছে, অন্যদিকে তেমনি মৌলবাদীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এই দুই অপশক্তির ব্যাপারে দেশের সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। আইনমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রী তাঁর প্রতিটি বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে, বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।”
একটি বিশেষ মহলের উদ্দেশ্যমূলক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “একটি নির্দিষ্ট শ্রেণি জুলাই ও জুলাই সনদকে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে একধরনের দাবি তুলেছে। সরকার ইতিমধ্যে সুনির্দিষ্টভাবে স্পষ্ট করেছে যে, এই দাবি কোনোভাবেই জুলাই সনদের অংশ নয়। এরপরও তারা জলঘোলা করতে অন্য পথ অবলম্বনের চেষ্টা করছে।”
বক্তব্যে আইনমন্ত্রী দেশের রাজনৈতিক দিকনির্দেশনা ও জুলাইয়ের চেতনা নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন ও চেতনা বাস্তবায়নের একমাত্র পথ। সেই পথ ধরেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
আইনমন্ত্রী আরও যোগ করেন, “তারেক রহমান সামনের কাতারে থেকে যে নির্দেশনা দেবেন এবং প্রধানমন্ত্রীর দেখানো যে পথ, সেটিই মূলত জুলাইয়ের মূল পথ। তাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে যেকোনো বিভ্রান্তির পথ পরিহার করতে হবে।” এই লক্ষ্যে দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।





