রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ মাহমুদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৬ | আপডেট: ০৯:২৬ পিএম, ২৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৬
দেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ৫ আগস্ট ও এর পরবর্তী সময়ে তার সঙ্গে কী কী ঘটনা ঘটেছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই সাক্ষাৎকার নিয়ে নানামুখী আলোচনা চলছে। এবার এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সেহরির আয়োজন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন বয়ান তৈরি করে মানুষকে ভুল বোঝানোর সুযোগ নেই।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতিকে নিয়োগ দেয়া হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়। সে সময় শেখ হাসিনা এমন কাউকে রাষ্ট্রপতি করতে চান নাই, যার ব্যক্তিত্ব শেখ হাসিনার থেকে বেশি পাওয়ারফুল হয়। তো তিনি এমন একজনকে আসলে মহামান্যের জায়গায় রেখেছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। আমি মনে করি, এসব বিষয় সামনে আসা প্রয়োজন ছিল, যাতে দেশের মানুষ জানতে পারে অতীতে কারা শেখ হাসিনার ঘনিষ্ঠদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং রাজনৈতিক বাস্তবতায় কাদের ওপর নির্ভর করতে হয়েছে।
আসিফ মাহমুদ আরও বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণঅভ্যুত্থান ও দেশের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিল, সেটিও স্পষ্ট হয়েছে। তার ভাষায়, মানুষ এখন রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন; তাই ফ্রেমিং বা বয়ান তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ আর নেই।
সাবেক এ উপদেষ্টা বলেন, সুতরাং এই যে আমরা দেখছি একের পর এক পর্ব আসতেছে, এই পর্বগুলো দেখতে শুধু নাইস এন্ড এট্রাক্টিভই। এর বেশি কিছু কিন্তু মানুষের মনে বড় ধরনের প্রভাব তৈরি করতে পারবে না।
এ সময় স্থানীয় নির্বাচনে দলের পক্ষ থেকে মেয়র পদে নির্বাচন করার জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবেই অংশ নেবে এনসিপি এমনটা জানিয়ে দ্রুত নির্বাচনের রূপরেখা দেয়ার দাবি জানান তিনি।
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে নিজেদের সাথেই প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বিএনপির সাংসদদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই সংস্কার পরিষদের শপথ পড়ার আহ্বান জানান।
সংসদে ও রাজপথে জুলাই সনদ বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।





