avertisements 2

৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ অক্টোবর,শনিবার,২০২৬ | আপডেট: ০৭:১৩ পিএম, ৩ অক্টোবর,শনিবার,২০২৬

Text

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরে আসিয়ান কাপ শেষ করেছে বাংলাদেশ। বড় ব্যবধানে পরাজয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। ছবিতে বাংলাদেশের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানাকে ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে একটি ক্লাবে দেখা যায়।

ইন্দোনেশিয়ার এলেনা নামের ওই নারী ছবিটি তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। ছবির পরিবেশ দেখে সেটিকে নাইট ক্লাব হিসেবে মনে করছেন অনেকে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বা পরে বাংলাদেশের দুই ফুটবলার সেখানে গিয়েছিলেন কি না।

তবে সাদ ও সোহেল দুজনেই ছবিতে নিজেদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করেননি। তাদের দাবি, ছবিটি ইন্দোনেশিয়ায় তোলা নয়। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে নেপালে থাকার সময় ওই নারীর সঙ্গে তাদের পরিচয় হয়েছিল।

সাদ বলেন, মোহামেডানে যোগ দেওয়ার পর জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে তারা নেপালে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই একটি ক্লাবে এলেনার সঙ্গে তাদের পরিচয় হয়। ছবিটি জাকার্তা বা ইন্দোনেশিয়ার কোনো জায়গায় তোলা নয়।

একই সূরে কথা বলেছেন ছবিতে থাকা আলোচিত ঐ নারীও। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘শুধু একটু পরিষ্কার করে বলতে চাই, আমি যে ছবিগুলো ও ভিডিওগুলো শেয়ার করেছি, সেগুলো আসলে দুই মাস আগের—নেপালে থাকার সময়কার। তখন কিছু সত্যিই ভালো, আন্তরিক ও পেশাদার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, যারা পরবর্তীতে বন্ধু হয়ে উঠেছেন।’

তিনি আরও লেখেন, ‘পোস্টগুলো থেকে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার জন্য দুঃখিত। আমি বরাবরই একটু দেরিতে পোস্ট করি। ভ্রমণের সময় সাধারণত কিছু শেয়ার করি না। আমি আমার অবস্থান ব্যক্তিগত রাখতে পছন্দ করি।’

এর আগে ম্যাচ কমিশনারকে ধাক্কা দেওয়ার ঘটনায় সাদ উদ্দিনকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। পরে জাতীয় দলে খেলার সুযোগ রাখতে সেই শাস্তি কমিয়ে ছয় ম্যাচ করা হয়। সেই ঘটনার পর আবারও শৃঙ্খলা নিয়ে আলোচনায় এলেন এই ফুটবলার।

avertisements 2