আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ আখ্যা দিয়ে ক্ষোভ ঝাড়লেন সালাউদ্দিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬ | আপডেট: ০৬:২৬ এএম, ২১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৬
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ‘পাল্টা-পাল্টি’ বক্তব্যে রীতিমতো অগ্নিশর্মা বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছিল, সালাউদ্দিনের আজকের মন্তব্যে তা নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো। আসিফ নজরুলের দাবি নাকচ করে দিয়ে সালাউদ্দিন বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের কাছ থেকে এমন অসত্য তথ্য তিনি প্রত্যাশা করেননি।
সাবেক এই ক্রীড়া উপদেষ্টার মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন বলেন, ‘উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাবো। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে আমরা আসলে এটা মানতে পারতেছি না।’
বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে ক্রিকেটারদের যে কোনো ভূমিকা ছিল না, বরং পরিস্থিতির কারণে তারা কতটা বিপর্যস্ত ছিল সেটিও তুলে ধরেন এই দেশসেরা কোচ। তিনি আরও বলেন, ‘আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারায় গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল দাবি করেছিলেন যে, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি ছিল বিসিবি এবং খেলোয়াড়দের। তিনি তখন বলেছিলেন, নিরাপত্তা ও দেশের মর্যাদা রক্ষায় খেলোয়াড়রা নিজেরাই ‘স্যাক্রিফাইস’ করেছেন। অথচ এর আগে তিনিই জানিয়েছিলেন এটি সরকারের সিদ্ধান্ত ছিল। আসিফ নজরুলের এমন অবস্থান বদলকে ক্রিকেটারদের ওপর দোষ চাপানোর চেষ্টা হিসেবে দেখছেন সালাউদ্দিন। তাঁর মতে, এ ধরনের ভুল সিদ্ধান্তের কারণেই একটি সাজানো গোছানো দল মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে।





