avertisements 2

সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে অভিবাসীদের বসবাসের অনুমতি বাতিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুন,মঙ্গলবার,২০২৬ | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৬ জুন,মঙ্গলবার,২০২৬

Text

সুইডেনের পার্লামেন্টে গত সোমবার একটি নতুন আইন পাস হয়েছে। এর আওতায় 'ভালো আচরণ' না করলে অভিবাসীদের 'রেসিডেন্সি পারমিট' (বসবাসের অনুমতি) বাতিল করতে পারবে কর্তৃপক্ষ।

নতুন এই আইনটি বর্তমানে প্রক্রিয়াধীন আবেদনের পাশাপাশি যাদের ইতোমধ্যে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। 

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুইডেনের ডানপন্থী সরকার এবং তাদের সহযোগী কট্টর জাতীয়তাবাদী দল সুইডেন ডেমোক্র্যাটস অভিবাসন নীতি কঠোর করার যে পরিকল্পনা নিয়েছে, এটি তারই অংশ।

তবে বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো এই আইনের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, কোনো কাজ 'অপরাধ' হিসেবে গণ্য না হলেও স্রেফ 'আচরণের' ভিত্তিতে বসবাসের অনুমতি কেড়ে নেওয়ার সিদ্ধান্তটি স্বৈরাচারী বা অযৌক্তিক হতে পারে।

স্টকহোম-ভিত্তিক সংস্থা 'সিভিল রাইটস ডিফেন্ডার্স' এক বিবৃতিতে বলেছে, "এই 'সদাচরণ' সংক্রান্ত আইনটি মানুষকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেবে। তারা বুঝতে পারবে না তাদের কোন কাজ বা বক্তব্য ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। এটি আইনের শাসন এবং সবার জন্য সমান আইনি অধিকারের নীতিকে ক্ষুণ্ণ করে।"

সুইডেনের বর্তমান সরকার ২০২২ সালের নির্বাচনে অভিবাসন কমানো এবং অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা নিয়ম মানে না কিংবা অপরাধের সঙ্গে যুক্ত, সুইডেনে তাদের স্বাগত জানানো হবে না।

আইনে সুনির্দিষ্টভাবে কোন কোন আচরণকে 'অগ্রহণযোগ্য' বলা হবে তা উল্লেখ করা না হলেও সরকার ঋণের টাকা পরিশোধ না করা, কর ফাঁকি দেওয়া, অপরাধমূলক কর্মকাণ্ড এবং চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার কথা উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

দেশটির অভিবাসন সংস্থা এই বসবাসের অনুমতিগুলো পর্যালোচনা করার দায়িত্ব পেয়েছে। তবে সংস্থার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অভিবাসন আদালতে আপিল করার সুযোগ থাকবে।

গত মার্চে এই বিলটি প্রস্তাব করার সময় সুইডেনের অভিবাসন মন্ত্রী জোহান ফরসেল বলেছিলেন, "যারা সঠিক পথে চলার এবং নিয়ম মেনে চলার চেষ্টা করবে না, তারা সুইডেনে থাকার আশা করতে পারে না।"

বিষয়: অভিবাসী
avertisements 2