অপুর উপস্থাপনায় নাচবেন মাহফুজ-বুবলী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জুন,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:৩৬ পিএম, ৩ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৬
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনেই সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী। তাদের মধ্যে প্রত্যক্ষ শত্রুতা না থাকলেও দুজন চলেন দুই মেরুতে। একসঙ্গে দুজনকে কোথাও দেখা যায় না। তবে এবার ঈদকে ঘিরে দুজনকে দেখা যাবে এক অনুষ্ঠানে।
ঈদ উপলক্ষে বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস। আর এই অনুষ্ঠানে ‘আমার নাম মিস বুবলী’ ও ‘প্রহেলিকা’ সিনেমার গান ‘মেঘের নৌকা তুমি’র সঙ্গে কোলাজ নৃত্য পরিবেশন করবেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী।
‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে বিটিভির এই অনুষ্ঠানে এছাড়াও থাকছে কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের পরিবেশনা। যেখানে দেখা যাবে দীঘি ও আদর আজাদ। অনুষ্ঠানে ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’, ‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গানগুলোতে নাচতে দেখা যাবে তাদের। আরও থাকছে নানা আয়োজন।
ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘আনন্দ মেলা’ প্রচার হবে । এটি প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তার।





