avertisements 2

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুলাই,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০৫:২৪ পিএম, ৯ জুলাই,বৃহস্পতিবার,২০২৬

Text

ক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিম ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহ (ডেলিভারি) করার সময় এক বাংলাদেশি যুবককে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কিংসিসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ ব্লকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


ফিলাডেলফিয়া পুলিশ ডিপার্টমেন্টের চিফ ইন্সপেক্টর স্কট স্মল জানান, নিহত চালকের নাম মো. মাহফুজুল হক (৪০)। তিনি ওই এলাকায় অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ ‘ডোরড্যাশের’ কর্মী হিসেবে খাবার সরবরাহ করতে গিয়েছিলেন।

পুলিশ জানায়, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা মাহফুজুল হককে গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় একটি গুলির ক্ষত ছিল। উদ্ধার করে দ্রুত প্রিসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিফ ইন্সপেক্টর স্কট স্মল বলেন, ঘটনাস্থলে নিহতের দেহ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ডোরড্যাশের একটি ফুড ব্যাগ ও দুটি ব্যবহৃত গুলির খোসা পাওয়া গেছে। গুলির খোসাগুলো দেখে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে এটি কোনো আধা-স্বয়ংক্রিয় রাইফেল থেকে ছোঁড়া হয়েছে। অত্যন্ত কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হলেও পুলিশ ধারণা করছে, এটি একটি পূর্বপরিকল্পিত ‘সেটআপ’ বা ফাঁদ হতে পারে।

স্কট স্মল সাংবাদিকদের বলেন, আমরা তদন্ত করতে গিয়ে ওই এলাকার একটি নির্দিষ্ট বাড়ির ঠিকানা পেয়েছি। যেখানে তিনি খাবার সরবরাহ করতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু আমরা সেই বাড়ির দরজায় নক করলে ভেতরের বাসিন্দারা জানান যে তারা কোনো খাবার অর্ডার করেননি। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা ধারণা করছেন, নির্জন স্থানে ডেকে এনে ডাকাতি বা হত্যার উদ্দেশ্যে ভুয়া অর্ডার দিয়ে এই ফাঁদ পাতা হয়েছিল।


বাংলাদেশের রাজশাহীর সন্তান মাহফুজুল হক সপরিবারে ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় বসবাস করতেন। ডোরড্যাশে কাজ শুরুর আগে তিনি উইলো গ্রোভ এলাকার আল-শাম রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। এই প্রবাসী মৃত্যুকালে স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন। তার এই অকাল প্রয়াণে গোটা প্রবাসী কমিউনিটিতে শোকের পাশাপাশি চরম নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বিরাজ করছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ডোরড্যাশ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র বলেন, এই বেদনাদায়ক ও মর্মান্তিক ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। এই অত্যন্ত কঠিন সময়ে আমাদের সমবেদনা নিহতের পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে রয়েছে। এই অপরাধের পেছনে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহযোগিতা করছি।


ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে তারা তিন যুবকের সন্ধান করছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ঘটনার সময় তাদের পরনে কালো রঙের পোশাক এবং মুখে মাস্ক ছিল। এলাকাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

avertisements 2