যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজিজুল ইসলামকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।





