প্রবাসীদের বড় স্বস্তি, ওয়ার্ক পারমিট নবায়নে সময় বাড়াল সৌদি
প্রবাসী কর্মীদের জন্য বড় স্বস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরব। যেসব প্রবাসীর ওয়ার্ক পারমিটের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বা প্রতিষ্ঠানে যোগ দেয়ার দীর্ঘ সময় পরও ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। এতে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আরও সময় পাবেন।
সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সৌদি আরব নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের (কাজের অনুমতিপত্র) অবস্থা সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও সময় পাবেন।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি আগে শেষ হয়েছে এবং যেসব কর্মী কোনও প্রতিষ্ঠানে যোগ দেয়ার ছয় মাস পার হলেও এখনও ওয়ার্ক পারমিট পাননি, এই সময়সীমা বৃদ্ধি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, শ্রম আইন মেনে চলা নিশ্চিত করা, চাকরির চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার সুরক্ষা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান ও কর্মীদের কাগজপত্র নিয়মিত করার সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই সঙ্গে নিয়োগকর্তা ও কর্মীদের সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে সংগ্রহের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদির এই মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই বিশেষ সুযোগের সময়ের মধ্যে নিয়মভঙ্গের বিষয়গুলো সংশোধন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।





