ইতালিতে ভিসা কেলেঙ্কারির দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬ | আপডেট: ০৪:৪৭ পিএম, ২০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ইতালিকে ঘিরে বহুল আলোচিত ফুলচ্ছি ভিসা কেলেঙ্কারিতে দুই বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দিয়েছেন ইতালির আদালত। রোমের আদালত ট্রাইব্যুনাল দি রোমা সম্প্রতি এ রায় ঘোষণা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম ও কাজি শামিম। ইতালীর সংবাদমাধ্যম জানায় অভিযুক্তদের আদালতে গোলা হলে তারা তাদের দোষ স্বীকার করে।
পরে ইতালির আদালত ফৌজদারি আইনের অধীনে ‘প্যাটেজ্জিয়ামেন্তো’ দোষ স্বীকারের ভিত্তিতে নজরুল ইসলামকে ৪ বছর ৮ মাস এবং কাজি শামিমকে ৪ বছর ২ মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র ইতালিতে কাজের ভিসা পাইয়ে দেওয়ার নামে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করত।
তদন্তে দেখা গেছে, জনপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার ইউরো পর্যন্ত নেওয়া হতো।
তদন্তকারীরা জানান, চক্রটি ভুয়া চাকরির চুক্তিপত্র তৈরি, অনিয়মিত কাগজপত্র ব্যবহার এবং প্রভাব খাটিয়ে ভিসা ও রেসিডেন্স পারমিট সংগ্রহের চেষ্টা করত।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একজন ইতালীয় সংসদ সদস্যের অভিযোগের পর বিষয়টি নিয়ে বিস্তৃত তদন্ত শুরু হয়। পরে বাংলাদেশ ও ইতালির মধ্যে সক্রিয় একটি দালাল নেটওয়ার্কের সংশ্লিষ্টতা উঠে আসে।
বিশ্লেষকদের মতে, ইউরোপে কাজের ভিসা সংক্রান্ত জালিয়াতি ও মানবপাচার চক্রের বিরুদ্ধে ইতালীয় কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে কঠোর অবস্থান নিয়েছে, এই রায় তারই অংশ।





