avertisements 2

সংসদে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ এপ্রিল, বুধবার,২০২৬ | আপডেট: ১২:৫৪ এএম, ২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৬

Text


বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ নেতা হিসেবে প্রথমবারের মতো এদিন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যমতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৮ লাখ কোটি টাকা)।

তিনি জানান, পাচার হওয়া অর্থ বিভিন্ন দেশে স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে।

পাচারের গন্তব্য হিসেবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং-চীনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া, হংকং-চীন ও আরব আমিরাতের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির বিষয়ে সম্মতি মিলেছে, আর বাকি দেশগুলোর সঙ্গে প্রক্রিয়া চলছে।


প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে কাজ করছে। ইতোমধ্যে ১১টি গুরুত্বপূর্ণ মামলায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে পুলিশ সিআইডি, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও শুল্ক গোয়েন্দা বিভাগের সমন্বয়ে যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে।

সম্পদ জব্দের তথ্য তুলে ধরে তিনি বলেন, দেশে প্রায় ৫৭ হাজার কোটি টাকার এবং বিদেশে প্রায় ১৩ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে দেশে-বিদেশে প্রায় ৭০ হাজার ৪৪৬ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ রয়েছে।

পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে ১৪১টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৫টির চার্জশিট দেওয়া হয়েছে এবং ৬টির রায় হয়েছে।

সরকার দুর্নীতি, মানিলন্ডারিং ও আর্থিক অপরাধ দমনে বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2