avertisements 2

সিডনির দক্ষিণ-পশ্চিমে মেট্রো চালু ৩০ অক্টোবর, লাকেম্বা থেকে ক্রসে ৩৭ মিনিটে ভিক্টোরিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ১০:০৫ পিএম, ২২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৬

Text

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের। আগামী শুক্রবার (৩০ অক্টোবর) চালু হচ্ছে সাউথওয়েস্ট মেট্রো। নিউ সাউথ ওয়েলস সরকারের ঘোষণা অনুযায়ী, ওই দিন ভোর ৪টা ৩১ মিনিটে শুরু হবে যাত্রীসেবা। এর মধ্য দিয়ে ব্যাংকসটাউন থেকে সিডনির কেন্দ্রীয় এলাকা হয়ে উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত মেট্রো নেটওয়ার্কের সরাসরি সংযোগ তৈরি হবে। 
ব্যস্ত সময়ে চার মিনিট পরপর ট্রেন
নতুন এই মেট্রো চালু হলে সপ্তাহের কর্মদিবসে ব্যস্ত সময়ে প্রতি চার মিনিট পরপর ট্রেন চলবে। দিনের অন্যান্য সময়ে প্রতি পাঁচ মিনিট এবং সন্ধ্যা ও সপ্তাহান্তে প্রতি ১০ মিনিট পরপর ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে।
ব্যাংকসটাউন থেকে সেন্ট্রাল স্টেশনে যেতে সময় লাগবে প্রায় ২৮ মিনিট। অন্যদিকে, লাকেম্বা থেকে ভিক্টোরিয়া ক্রস স্টেশনে পৌঁছাতে লাগবে প্রায় ৩৭ মিনিট। ক্যান্টারবেরি থেকে চ্যাটসউড যেতে সময় লাগবে প্রায় ৩১ মিনিট। 
১০টি স্টেশনে ফিরছে সরাসরি রেলসেবা
মারিকভিল থেকে ব্যাংকসটাউন পর্যন্ত সাবেক টি৩ রেললাইনের ১০টি স্টেশনকে আধুনিক মেট্রো ব্যবস্থায় রূপান্তর করা হয়েছে। স্টেশনগুলো হলো মারিকভিল, ডালউইচ হিল, হার্স্টভিল পার্ক, ক্যান্টারবেরি, ক্যাম্পসি, বেলমোর, লাকেম্বা, ওয়াইলি পার্ক, পাঞ্চবোল ও ব্যাংকসটাউন।
২০২৪ সালের সেপ্টেম্বরে পুরোনো রেললাইন বন্ধ করে রূপান্তরের কাজ শুরু হয়েছিল। এ সময়ে যাত্রীদের বিকল্প হিসেবে বাসে চলাচল করতে হয়েছে। নতুন মেট্রো চালু হলে এসব এলাকার বাসিন্দারা আবার সরাসরি রেলভিত্তিক দ্রুত গণপরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।
যাত্রী ধারণক্ষমতাও বাড়বে
সরকারি তথ্য অনুযায়ী, নতুন মেট্রো ব্যবস্থায় পুরোনো টি৩ লাইনের তুলনায় যাত্রী পরিবহনের সক্ষমতা ৫০ শতাংশ বাড়বে। আধুনিক স্টেশন, লিফট, প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থা ও উন্নত যাত্রীসেবা ব্যবস্থাও যুক্ত হয়েছে।
দীর্ঘ অপেক্ষার পর মেট্রো চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিম সিডিয়ার যাত্রীদের কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও শহরের অন্যান্য এলাকায় যাতায়াত আরও সহজ হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। 
সূত্র: নিউ সাউথ ওয়েলস সরকারের ঘোষণা, এবিসি নিউজ ও দ্য গার্ডিয়ান।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2