আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০২:২৬ পিএম, ২ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৬
বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি এই ধর্ম প্রচারক ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথে দেশটির সরকার তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন।
এর আগে যুক্তরাজ্যে প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশে ধর্মীয় আলোচনা করার ওপর আজহারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।
তিনি সিনেটে বলেন, ‘আমি জানি, বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজসহ বিভিন্ন গোষ্ঠী বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছে।’
২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যে আজহারি বিভিন্ন ইহুদি-বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন। এছাড়া হলোকস্টের প্রশংসা করেন ইহুদিদের অমানবিক হিসেবে চিত্রিত করেন। এছাড়া শ্রোতাদের তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বলে অভিযোগ করা হয়।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনোরিটিস ইন বাংলাদেশ চলতি সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল।
সংগঠনটি সতর্ক করেছিল, আজহারীর বক্তৃতা ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে তোলার ও চরমপন্থী বক্তব্যকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করে।
গ্রুপটি আজহারীর অতীত কর্মকাণ্ডের ব্যাপক নথিপত্র উদ্ধৃত করেছে, যার মধ্যে রয়েছে ইহুদিবিদ্বেষী ‘ষড়যন্ত্র’, সহিংসতার প্রশংসা এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর উসকানিমূলক আক্রমণ।





