avertisements 2

বউ নিয়ে দুই স্বামীর মারামারি, সাবেক স্বামীসহ আহত ৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৩০ এএম, ১ আগস্ট,শনিবার,২০২৬

Text

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের পূর্বমুড়া গ্রামের এক মালোশিয়া প্রবাসির বউ নিয়ে সাবেক ও বর্তমান স্বামীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক স্বামীসহ আহত হয়েছেন অন্তত চারজন। সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে রমেন বিশ্বাসের (৪৫) অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বমুড়া গ্রামের মালোশিয়া প্রবাসী রমেন বিশ্বাসের স্ত্রী দুই সন্তানের জননীকে তিন মাস আগে একই গ্রামের রবিন বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩২) পরকিয়া করে বিয়ে করেন। বিয়ের প্রায় ২০ দিন পর গত অক্টোবর মাসে তাদের ফিরিয়ে এনে এক শালিস বৈঠক বসে এলাকায়। ওই শালিসে রমেন বিশ্বাসের স্ত্রী তার পরের স্বামী নিতাই বিশ্বাসের সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত অনুযায়ী শালিস বৈঠকেও সেই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি রমেন বিশ্বাস দেশে ফিরে আসলে উভয়ের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ শুরু হয়।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রমেনের বাবা রতন বিশ্বাস বাড়ির পাশে তেতুলিয়া মাদরাসার মোড়ে দোকানে আসলে নিতাই বিশ্বাসসহ তার লোকজন হামলা চালায়। খবর পেয়ে রতন বিশ্বাসের ছেলে রমেন বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, পৌড় বিশ্বাস এগিয়ে গেলে তাদেরকে মারধর করে আহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে রতন বিশ্বাস (৬০) রমেন বিশ্বাস (৪৩), বিপ্লব বিশ্বাস (৩৪) ও পৌড় বিশ্বাস (৩৩) মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুরে পাঠানো হয়। ফরিদপুর থেকে চারজনের মধ্যে রমেন বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রুপাপাত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. জাফর ফকির বলেন, ‘তিন মাস আগে নিতাই বিশ্বাস প্রতিবেশী রমেন বিশ্বাসের স্ত্রীকে নিয়ে চলে যায়। এ নিয়ে একবার শালিস বৈঠক হয়। সেই বউ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মারামারি সংঘটিত হয়েছে।’

এ বিষয়ে রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘গত তিন মাস বউ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে শালিশ বৈঠক হয়। সোমবার সকালে এ নিয়ে আবার মারামারি-সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, ‘মারামারির ঘটনায় চারজন হাসপাতালে ভর্তি আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2