এনআইডি জালিয়াতি করে স্ত্রীকে বোন বানানো সেই আনিছুর গ্রেফতার
কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা সন্তানের কোটা পেতে নিজের স্ত্রীকে বোন বানানো এবং এনআইডি জালিয়াতি করে চাকরি নিয়ে দেয়া সেই বহুল আলোচিত আনিছুর রহমানকে সিআর মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আনিছুর রহমান রংপুর বেতারের অফিস সহকারী এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা আমিরটারী তালেবের হাট এলাকার বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের সন্তান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবিউল হাসান জানান, আনিসুর রহমানের নামে রংপুর আদালতে চেক ডিজঅনার সংক্রান্ত এনআই এ্যাক্ট ১৩৮ধারায় একটি মামলা রয়েছে।
সেই মামলায় গ্রেফতারী পরোয়ানায় তাকে শনিবার (১ অক্টোবর) রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
রবিবার (২ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ,আনিছুর রহমান এর আগে ২০১৪ সালে নিজের শিক্ষা সনদ এবং এনআইডি তথ্য গোপন করে ছোট ভাইকে রেলওয়েতে চাকুরি নিয়ে দেন। এসময় তিনি শিক্ষা সনদের সাথে ঠিক রেখে ছোট ভাই আজিজুল হকের জাতীয় পরিচয় পত্র জালিয়াতি করে নাম পরিবর্তন করে আনিছুর রহমান করেন। বিষয়টি ২০২০ সালে গণমাধ্যমে প্রকাশ পেলে ২০২১ সালে জানুয়ারি মাসে নাগেশ্বরী নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় জামিনে রয়েছে দুই ভাই।
অপরদিকে নিজের স্ত্রী সোনালী খাতুনকে মুক্তিযোদ্ধা সন্তানের সুযোগ সুবিধা এবং সরকারি চাকরিতে কোট সুবিধা করে দেওয়ার জন্য নিজের বোন বানিয়ে জাতীয় পরিচয়পত্র করানোয় আবারও আলোচনায় আসেন আনিছুর রহমান।





