বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করে তারা!
ছিনতাইকারী চক্রের ৪ নারী সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
রাজধানীতে মহিলা ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে মিরপুর মডেল থানার মিরপুর-১০ নং গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
গ্রেফতাররা হলেন- মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)।
ওসি জানান, এদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘুরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশেপাশে থাকেন।
মনিকা ও রিতু কোনো পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এই সুযোগে বাকি দুইজন লাপাত্তা হয়ে যান।
মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘুরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছো মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান।গতকালও একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেফতার করা হয়।





