avertisements 2

সেই সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে অংশ নিলেন মায়ের জানাজায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৬ | আপডেট: ০৮:০৩ পিএম, ২২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৬

Text

দেশের ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্ঘটনা ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় দীর্ঘ প্রায় এক যুগ ধরে কারাবন্দি ভবন মালিক ও সাবেক যুবলীগ নেতা সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়েছেন। মায়ের জানাজায় অংশ নিতে শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে সাভারে নেওয়া হয়।


পারিবারিক সূত্র জানায়, সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারাবন্দি ছেলেকে শেষবারের মতো মায়ের লাশ দেখা ও জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সোহেল রানাকে সাভার পৌর এলাকার একটি মাদরাসা মসজিদে নেওয়া হয়। সেখানে মায়ের জানাজায় অংশ নেওয়ার সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে রানা বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে সবাই মাফ করে দেবেন।’ জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে পুনরায় কড়া পাহারায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।


২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ১০ তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে এক হাজার ১৩৬ জন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পাঁচ দিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এই ট্র্যাজেডির ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে মোট ১৪টি মামলা করা হয়। এর মধ্যে ২০১৭ সালের ২৯ আগস্ট দুর্নীতি মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় তাকে দুই ধারায় মোট ছয় বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। মূল ভবন ধস ও হত্যা মামলাগুলো এখনও বিচারাধীন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2