হাসিনার বাংলাদেশে ফেরা উচিত: তসলিমা নাসরিন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বক্তব্যে। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহী। তবে বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে ফেরা সম্ভব হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। একই সঙ্গে তিনি নিজের দেশে ফেরার সুযোগ না পাওয়ার আক্ষেপও তুলে ধরেছেন।
গতকাল রোববার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তসলিমা নাসরিন বলেন, ‘শেখ হাসিনা ফিরতে চান। তিনি ফিরতে পারবেন কি না, তা আমি জানি না। তবে আমি চাই তিনি দেশে ফিরুন। দেশে গণতন্ত্র টিকে থাকুক।’
একই অনুষ্ঠানে নিজের নির্বাসিত জীবনের প্রসঙ্গ টেনে তসলিমা বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কোনো সরকারই তাকে দেশে ফেরার সুযোগ দেয়নি। তাঁর ভাষ্য, শেখ হাসিনার সরকার যেমন তাকে ফিরতে দেয়নি, তেমনি খালেদা জিয়ার সরকার কিংবা পরবর্তী ক্ষমতাসীনরাও সে সুযোগ তৈরি করেনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা সম্ভব হতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে সেই সম্ভাবনা দেখি না।’
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তসলিমা নাসরিন। তার মতে, দেশের রাজনীতিতে বিরোধী শক্তির বর্তমান অবস্থান আগের চেয়ে ভিন্ন চিত্র তৈরি করেছে।
তিনি বলেন, ‘আমরা কখনো জামায়াতে ইসলামকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখিনি। এখন সেই অবস্থান তৈরি হয়েছে। আমার মনে হয়, আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে সক্রিয় থাকত, তাহলে সেটাই দেশের জন্য ভালো হতো। কিন্তু দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় জামায়াত সেই জায়গা পেয়েছে, যা ইতিবাচক নয়।’
জামায়াতে ইসলামীর আদর্শ নিয়েও সমালোচনা করেন তসলিমা। তার দাবি, দলটি নারীর অধিকার ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকারের পক্ষে নয় এবং আধুনিক রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে শরিয়াভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করে।
তসলিমা বলেন, ‘এ ধরনের পরিস্থিতি তৈরি হলে নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। শুধু আমি নই, মুক্তচিন্তার আরও অনেক মানুষ দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। আমরা যদি একদিন নিরাপদে দেশে ফিরে স্বাধীনভাবে বসবাস করতে পারি, তখনই মনে হবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে।’
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সম্প্রতি বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশিত হয়নি। অন্যদিকে, তসলিমা নাসরিনের এই মন্তব্যও নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন: আইনমন্ত্রী
শেখ হাসিনার কোনো বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল
ভারত থেকে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই: মোদি সরকার
শেখ হাসিনা দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ ইসলাম





