avertisements 2

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মার্চ,শনিবার,২০২৬ | আপডেট: ০৮:৪৩ পিএম, ২৮ মার্চ,শনিবার,২০২৬

Text

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি দেশটিতে ভ্রমণের নিশ্চয়তা দেয় না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে (ইউএস অ্যাম্বাসি ঢাকা) শেয়ার করা এক পোস্টে এ সঙ্ক্রান্ত একটি বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

'একটি ইউ.এস. ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না' উল্লেখ করে পোস্টে বলা হয়েছে, 'দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।' 

ভিসার সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মার্কিন দূতাবাস এই পোস্টে আরও জানিয়েছে, 'আপনি যদি পারমিটের (অনুমোদিত নির্দিষ্ট সময়ের) বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।'


বার্তার শেষে মার্কিন দূতাবাস স্পষ্ট করে উল্লেখ করেছে, 'সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।' 


উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫টি দেশের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিত করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশ এখনও বলবৎ আছে।


এর আগে গত ৬ জানুয়ারি বাংলাদেশিদের জন্য ননইমিগ্র্যান্ট ভিসার প্রক্রিয়াটিও কঠিন করে তোলে মার্কিন প্রশাসন। সেদিন দেশটির পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৩৮টি দেশের একটি তালিকা প্রকাশ করে জানায়, এসব দেশের ননইমিগ্র্যান্ট ভিসা প্রার্থীদেরকে এবার থেকে বি১ ও বি২ ভিসার ক্ষেত্রে ১৫ হাজার ডলারের একটি বন্ড জামানাত হিসেবে রাখতে হবে। 

তবে যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে দেশে ফিরে আসার পর ভ্রমণকারীদেরকে বন্ডের এই অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। উল্লেখ্য, গত ১৮ মার্চ নতুন করে এ তালিকায় যুক্ত করা হয় আরও ১২টি দেশকে।

প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের ভিসানীতিকে ধারাবাহিকভাবে কঠোর করে তুলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2