আফগান মন্ত্রী এখন পিৎজা ডেলিভারি ম্যান
সম্প্রতি জার্মানিতে দেখা গেছে আফগানিস্তানের সাবেক মন্ত্রী সৈয়দ আহমদ শাহ সাদাতকে। সেখানে তিনি লেইপজিগ শহরে পিৎজা সরবরাহের কাজ করছেন। জানা যায়, আজ বুধবার তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে কমলা রঙের পোশাক পরে, পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাতে দেখা গেছে। সাদাত আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন।
সাইকেলে পিজ্জা সরবরাহের সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন। এক টুইটে ওই সাংবাদিক দাবি করেন, কিছুদিন আগে, আমি একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছিলাম। যিনি নিজেকে দুইবছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানান, জার্মানিতে তিনি খাবার বিতরণের কাজ করেন।
জানা গেছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সাদাত। পাড়ি দেন জার্মানিতে। তবে দেশ ছাড়ার বছর খানেক আগেই তিনি তার পদ থেকে পদত্যাগ করেছিলেন।





