ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে স্থগিত
সংগৃহীত
ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালতের দেওয়া আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত। এর ফলে আপিল আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিভি লটারির কার্যক্রম স্থগিত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন। খবর নিউজউইকের।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নবম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারকের একটি প্যানেল সরকারের জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেন। নিম্ন আদালতের আদেশ অনুযায়ী, ওই দিনই ডিভি লটারির প্রক্রিয়া ঘোষণার কথা ছিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের।সর্বশেষ খবর অ্যাপ
ডিভি লটারি নিয়ে আইনি লড়াইয়ে থাকা রেড ইগল নামের সংস্থার প্রধান কার্টিস মরিসন নিউজউইককে বলেন, ডিভি কর্মসূচি পরিচালনায় পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতার বিরুদ্ধে সংস্থাটি দ্রুত আরও আইনি পদক্ষেপ নেবে।
আদালত তার পর্যবেক্ষণে জানায়, লটারির নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পররাষ্ট্র দপ্তরের ব্যর্থতাকে তারা সমর্থন করছে না। তবে মামলাকারী রেড ইগল তাদের পক্ষে যথেষ্ট যুক্তি-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া সংস্থাটি এই কর্মসূচির সরাসরি সুবিধাভোগী বা সংশ্লিষ্ট পক্ষ না হওয়ায় মামলা করার আইনি অধিকারও তাদের নেই।
ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে অভিবাসনের হার তুলনামূলক কম এমন দেশগুলোর নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা বরাদ্দ থাকে। সাধারণভাবে ‘গ্রিন কার্ড লটারি’ নামে পরিচিত এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়ার জন্য আবেদন করতে পারেন।
১৯৯০ সালের ২৯ নভেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ‘ইমিগ্রেশন অ্যাক্ট অব ১৯৯০’-এ স্বাক্ষর করেন। এর মাধ্যমে ডাইভারসিটি ভিসা কর্মসূচি চালু হয়। যুক্তরাষ্ট্রে যেসব দেশের নাগরিকদের অভিবাসনের হার তুলনামূলক কম, সেসব দেশের মানুষের জন্য অভিবাসনের সুযোগ বাড়ানোই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।





