ইসলামাবাদে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান-পাকিস্তান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ এপ্রিল,শনিবার,২০২৬ | আপডেট: ০৩:০৯ এএম, ১২ এপ্রিল,রবিবার,২০২৬
পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে।
পাকিস্তান সরকারের সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে। এর আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা চলছিলো।
ইসলামাবাদ থেকে বিবিসি ফারসি বিভাগের সংবাদদাতা বলছেন, ইরান-মার্কিন আলোচনার ইতিহাসে এই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের দুটি আলোচনা দল পাকিস্তানি প্রতিনিধি দলের উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় বৈঠকে মুখোমুখি বসেছে।
তিনি জানান বৈঠকটিতে সভাপতিত্ব করছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান।
এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। স্থানীয় সময় বিকেল চারটায় এই আলোচনা শুরু হয়।
তবে বৈঠকটি কী ধরনের কাঠামোতে অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সরকারি সূত্রগুলো বিবিসি জানিয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ ইরানি ও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা আয়োজনের চেষ্টা করছে।
আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায়। আর মার্কিন প্রতিনিধিদল শনিবার সকালে সেখানে পৌঁছায়।
এদিকে ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান সংঘাতে ইরান “ভয়াবহভাবে হারছে”।
ট্রুথ সোশ্যালে দেওয়া দীর্ঘ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গণমাধ্যমের সদস্যরা “বলতে ভালোবাসেন যে ইরান ‘জিতছে’, অথচ বাস্তবে সবাই জানে তারা হারছে—এবং খুব বড়ভাবে হারছে”।
এরপর সংঘাত চলাকালে তার প্রশাসনের করা দাবিগুলো তিনি আবারও তুলে ধরেন। তিনি লেখেন, “তাদের নৌবাহিনী শেষ, তাদের বিমান বাহিনী শেষ, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত নেই, রাডার ব্যবস্থা ধ্বংস, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কারখানাগুলোসহ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—তাদের দীর্ঘদিনের ‘নেতারা’ আর আমাদের মধ্যে নেই, আল্লাহর প্রশংসা!”
ইরানের পক্ষ থেকে সমুদ্রে মাইন পুঁতে রাখার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন “বিশ্বজুড়ে বিভিন্ন দেশের স্বার্থে হরমুজ প্রণালি পরিষ্কার করা শুরু করেছে”।





