avertisements 2

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিখোঁজ ৮০ অভিবাসী, ৩২ জন উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ এপ্রিল,সোমবার,২০২৬ | আপডেট: ০৯:০৭ পিএম, ৬ এপ্রিল,সোমবার,২০২৬

Text

লিবিয়া থেকে ছেড়ে যাওয়া অভিবাসীবাহী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। নৌকাটিতে থাকা বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে, বেসরকারি সংস্থা ‘মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস’ ও ‘সি-ওয়াচ’।

সংস্থা দুটির তথ্য অনুযায়ী, নৌকাটি গত শনিবার বিকেলে ১০৫ জন যাত্রী নিয়ে লিবিয়া থেকে রওনা হয়েছিল। রোববার সেটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে ৩২ জনকে জীবিত ও দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। 

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স-এ মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস লিখেছে, ৮০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ। নৌকাটি লিবিয়া কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত তল্লাশি অঞ্চলে দুর্ঘটনার শিকার হয়।

সি-ওয়াচ জানিয়েছে, দুটি বাণিজ্যিক জাহাজ জীবিতদের উদ্ধার করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে গেছে। সংস্থাটি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া নৌকার তলা ধরে কয়েকজন ব্যক্তি ভেসে থাকার চেষ্টা করছেন। একটি বাণিজ্যিক জাহাজ তাঁদের দিকে এগিয়ে যাচ্ছে।

এই দুর্ঘটনার জন্য ইউরোপীয় দেশগুলোর নীতির সমালোচনা করেছে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস। সংস্থাটি বলেছে, ইউরোপীয় সরকারগুলো অভিবাসীদের জন্য নিরাপদ ও বৈধ পথ উন্মুক্ত করতে অস্বীকৃতি জানানোর ফলেই এমন দুর্ঘটনা ঘটছে।

উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপটি অভিবাসীদের জন্য একটি প্রধান রুট। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৬৮৩ জন অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।

অন্যদিকে, ইতালি সরকারের হিসাব অনুযায়ী, একই সময়ে ৬ হাজার ১৭৫ জন অভিবাসী দেশটির ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2