যুক্তরাষ্ট্রকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর
তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, আঙ্কারাকে এই যুদ্ধবিমান সরবরাহ করা হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় কৌশলগত সুবিধা হুমকির মুখে পড়বে।
সোমবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ হলেও এর নেতৃত্ব এমন একজনের হাতে, যিনি প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের আহ্বান জানান। তিনি আরও অভিযোগ করেন, তুরস্ক সাইপ্রাসের একটি অংশ দখলে রেখেছে, গ্রিসকে হুমকি দিচ্ছে এবং জেরুজালেম দখলের কথাও প্রকাশ্যে বলে থাকে।
সাক্ষাৎকারে তুরস্কে মুসলিম ব্রাদারহুডের প্রভাবের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু দাবি করেন, আঙ্কারার বর্তমান নেতৃত্ব ওই সংগঠনের আদর্শ দ্বারা প্রভাবিত। তার অভিযোগ, এই নেতৃত্ব যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান গ্রহণ করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতে, তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান বা এর ইঞ্জিন সরবরাহ করা হলে মধ্যপ্রাচ্যের বিদ্যমান শক্তির ভারসাম্য বিঘ্নিত হবে। তার ভাষায়, এই ভারসাম্য ইসরায়েলের আকাশসীমায় কৌশলগত আধিপত্য এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতির মাধ্যমে বজায় রয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, হামাসের প্রতি তুরস্কের সমর্থন এবং ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়াও আঙ্কারাকে এফ-৩৫ না দেওয়ার পক্ষে গুরুত্বপূর্ণ কারণ। চলতি সপ্তাহে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে-এমন দাবি নাকচ করেন নেতানিয়াহু। তিনি বলেন, 'প্রায় সব বিষয়েই আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে। আমরা একে অপরের ঘনিষ্ঠ মিত্র।'
ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্যে দুই নেতার মধ্যে টানাপোড়েনের ইঙ্গিত রয়েছে-এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, 'প্রেসিডেন্টের নিজস্ব বক্তব্য দেওয়ার ধরন আছে, আমারও আছে।'
তিনি আরও জানান, ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। তবে বৈঠক হলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-লেবানন শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করার আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
তিন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা, ভিসা স্থগিত
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ
বিদেশিদের দেশ ছাড়ার আলটিমেটাম দিয়ে দক্ষিণ আফ্রিকাজুড়ে জনগণের বিক্ষোভ





