খুলনায় অফিসে ঢুকে খাদ্য পরিবহন ঠিকাদারকে গুলি
খুলনা মহানগরীতে ঠিকাদার সমিতির অফিসে ঢুকে গুলির ঘটনায় শেখ হারুনুর রশিদ (৬২) নামে খাদ্য পরিবহন ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে আল হেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে ঘটনা ঘটে।
গুলিটি হারুনুর রশিদের ডান পায়ের রানে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।
খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, মব করে আমাদের জায়গাটি দখল করে প্রতিপক্ষ। আমরা খুলনায় ও হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এর প্রেক্ষিতে আমরা আমাদের আসন গ্রহণ করি। কিন্তু প্রতিপক্ষ কোনো কোর্ট মানে না। ওরা এসে আমাকে লক্ষ করে গুলি করে। আমার ছেলে বাঁধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে। শর্টগান দিয়ে গুলি করে।
তবে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির আহ্বায়ক আজিজুর রহমান স্বপন বলেন, মঙ্গলবার সকালে সমিতির অফিস শেখ হারুনুর রশিদ ও তার লোকজন দখল করে নেয়। এর আগে তারা অফিসের সিসি টিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা খবর পেয়ে অফিসে গেলে তারা আমাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীদের গুলিতে হারুনুর রশিদ গুলিবিদ্ধ হয়। খুলনা সদর থানার ওসি আমাকে থানায় ডেকেছে। আমি বর্তমানে থানায় রয়েছি।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে কথাকাটাকাটির জেরে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হারুনুর রশিদ গুলিবিদ্ধ হন। কারা গুলির ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





